বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা জয় পেয়েছেন। বুধবার রাতে বার কাউন্সিল নির্বাচনের চূড়ান্ত ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ ও সমমনা আইনজীবী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৪টি সদস্য পদের মধ্যে ১১টিতে নির্বাচিত হয়েছে। বাকি ৩টি পদ জিতেছে বিএনপি ও সমমনা আইনজীবী সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বার কাউন্সিলের ৭টি সাধারণ সদস্য পদে আওয়ামী লীগপন্থী ৫ জন ও বিএনপিপন্থী ২ জন নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন আবদুল বাসেত মজুমদার, এম আমীর-উল-ইসলাম, আবদুল মতিন খসরু, জেড আই খান পান্না ও শ ম রেজাউল করিম।
বিএনপিপন্থী বিজয়ী প্রার্থীরা হলেন খন্দকার মাহবুব হোসেন ও এম মাহবুব উদ্দিন খোকন।
এছাড়াও গ্রুপের ৭টি সদস্য পদের মধ্যে ৬টিতেই আওয়ামী সমর্থিত আইনজীবীদের প্যানেল জয়লাভ করেছে।
গত ২৬ অক্টোবর দেশের ৭৭টি কেন্দ্রে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ হয়। এবার মোট ৬১ জন প্রার্থীর মধ্যে সাধারণ পদে ৩২ ও গ্রুপ পদে ২৯ জন লড়ছেন।
তবে এবারো আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের ২টি প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ৪৩ হাজার ৩০২ জন ভোটার এ নির্বাচনের মাধ্যমে ১৪ জনকে নির্বাচিত করবেন।
পরে নির্বাচিত সদস্যদের ভোটে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন।