গ্যাস ও বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যার না করলে আইনের আশ্রয় নেয়া হবে বলে জানিয়েছে কনজুমারস অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্থাটির জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম।
তিনি বলেন, সরকার সম্পুর্ণ অযৌক্তিক ও বেআইনিভাবে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টাকে দাম কমানোর জন্য খোলা চিঠি দেয়া হয়েছ কিন্তু তাতে কোন সাড়া পাইনি। তাই খুব শিগগিরই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আবেদন করবো। বিইআরসি যদি দাম না কমায় তাহলে হাইকোর্টে রিট দায়ের করা হবে।
গত ২৭ আগস্ট যখন দাম বাড়ানো হয় তার আগের দিনও বিইআরসি জানত না, এমন তথ্য দিয়ে এই ক্যাব উপদেষ্টা বলেন, জ্বালানি উপদেষ্টা বিইআরসির সঙ্গে বৈঠক করেন, আর তার পরদিনই দাম বাড়ানোর ঘোষণা আসে।