শুধু আইন করলেই হবে না বরং প্রতিবন্ধীদের কল্যাণে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নয়ন শীর্ষক আয়োজিত আলোচনার সভায় তিনি এ কথা বলেন।
ড. মিজান বলেন, আইনের প্রয়োগ যথাযথভাবে হচ্ছে কিনা সেজন্য শক্তিশালী মনিটরিং কমিটি থাকতে হবে। রাষ্ট্র কখনো মুনাফার জন্য কাজ করে না, তাই প্রতিবন্ধীদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সরকারের দায়বদ্ধতা রয়েছে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালন তাদেরকে করুণা করা নয়, এটি তাদের অধিকার। তাদের কাজ করার ক্ষমতাকে কাজে লাগিয়ে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে।
এ সময় প্রতিনবন্ধীদের কল্যাণে বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।