সুনির্দিষ্ট তথ্য ছাড়া পশুবাহী ট্রাক থামানো যাবে না—বা ট্রাকের কাগজপত্র পরীক্ষার অজুহাতেও পশুবাহী ট্রাক যাতে থামানো না হয় এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
সোমবার পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আইজিপি ঈদের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানান।
তিনি বলেন, পুলিশের সব রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশের কমিশনারসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে— সেখানে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। পশুবাহী ট্রাকে কোনো ধরনের কোনো মহলের চাঁদাবাজি সহ্য করা হবে না।
পশুর হাটগুলোতে জাল টাকা ও অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে পুলিশ তৎপর থাকবে—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, যানবাহন চলাচল যাতে ব্যাহত না হয় এমন জায়গায় পশুর হাট না বসাতে ইতিমধ্যে ঢাকার দুই মেয়র রাজি হয়েছেন।
সংবাদ সম্মেলনে একেএম শহীদুল হক বলেন, দেশব্যাপী নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে চলমান অভিযানে এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ৭৫১টি মোটরসাইকেল আটক করে পুলিশ। এর মধ্যে বিআরটিএতে নিবন্ধনের জন্য টাকা জমা দিয়ে ১১ হাজার মালিক মোটরসাইকেল নিয়ে গেছেন।