পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদে দূরপাল্লার বাসের টিকিট আগামী শুক্রবার থেকে আর ট্রেনের টিকিট মঙ্গলবার থেকে বিক্রি শুরু হবে।
সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিসির বাসের টিকিট বিক্রি শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে জানিয়েছে।
বাস মালিকদের সিদ্ধান্ত অনুসারে ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এই দিন ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত টিকিট দেয়া হবে। টিকিট সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। তিনি দাবি করেন, সরকারনির্ধারিত যে ভাড়া আছে, তা-ই নেয়া হবে। এর চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না। বাসের অগ্রিম টিকিট রাজধানীর গাবতলী ও সায়েদাবাদ, কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকের বিভিন্ন আন্তজেলা বাসের কাউন্টার থেকে পাওয়া যাবে জানিয়েছেন, হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন।
বিআরটিসি ঈদকে সামনে রেখে বিশেষ সেবা চালু করেছে। এ বিষয়ে জানতে চাইলে বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল এ আর মোহাম্মাদ পারভেজ মজুমদার বলেন, ‘১৬ সেপ্টেম্বর থেকে আমাদের বিভিন্ন বাস ডিপোতে অগ্রিম টিকিট দেয়া শুরু হবে। রাজধানীর গাবতলী, কল্যাণপুর, মতিঝিল বাস ডিপো থেকে টিকিট বিক্রি করা হবে।
বাংলাদেশ রেলওয়ে ১৫ সেপ্টেম্বর থেকে ৫ দিনব্যাপী ঈদের আগাম টিকিট বিক্রি শুরু করবে। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি হবে ফিরতি টিকিট।
জানতে চাইলে রেলপথ মন্ত্রী মুজিবুল হক সোমবার বলেন, ‘ঈদের জন্য এবারে আমাদের বিশেষ প্রস্তুতি রয়েছে। আশা করছি কোনো সমস্যা হবে না।’
রেল কর্তৃপক্ষ জানায়, এবারে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন ১৫ সেপ্টেম্বর দেয়া হবে ২০ তারিখের টিকিট, ১৬ সেপ্টেম্বর ২১ তারিখের, ১৭ সেপ্টেম্বর ২২ তারিখের, ১৮ সেপ্টেম্বর ২৩ তারিখের এবং ১৯ সেপ্টেম্বর দেওয়া হবে ২৪ তারিখের টিকিট।
অগ্রিম ফিরতি টিকিট বিক্রির প্রথম দিন ২৩ সেপ্টেম্বর দেয়া হবে ২৭ তারিখের টিকিট, ২৪ সেপ্টেম্বর ২৮ তারিখের, ২৫ সেপ্টেম্বর ২৯ তারিখের, ২৬ সেপ্টেম্বর ৩০ তারিখের এবং ২৭ সেপ্টেম্বর দেয়া হবে ১ অক্টোবরের টিকিট। প্রতিবারের মতো এবারও প্রতিদিন সকাল ৯টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। বিক্রি করা আগাম টিকিট ফেরত দেয়া যাবে না।