প্রথম শ্রেণিতে ভর্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্কুলে ভর্তি হওয়া শিশুদের অধিকার। মঙ্গলবার রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নির্দিষ্ট বয়সে শিশুরা স্কুলে ভর্তি হবে—উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শিশুদের ভর্তি পরীক্ষা নেয়ার কোনো যৌক্তিকতা নেই।
এসময় দেশকে নিরক্ষরতামুক্ত করে ১৬ কোটি মানুষকে মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে মানবপুঁজি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শিক্ষার উন্নয়নে সরকারের সফলতা তুলে ধরে তিনি বলেন, সবার জন্য শিক্ষা এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকার অত্যন্ত সফল।
আশির দশকে ঝরে পড়ার হার ৮০% থেকে কমিয়ে ২০.৯% শতাংশে নামাতে সক্ষম হয়েছে সরকার- এ তথ্য তুলে ধরে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও জোরদারের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা আইন-২০১৪ এর আলোকে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন শেখ হাসিনা।
এদিকে, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার দিবসটির প্রতিপাদ্য ‘সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূল কথা’।
এতে অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।