অষ্টম পে-স্কেলকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এর ফলে একদিকে সরকারি পর্যায়ে যেমন দুর্নীতি কমবে অন্যদিকে সরকারি চাকরীজীবীদের অভাব-অভিযোগও আর থাকবে না।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ পে-স্কেল বাস্তবায়নের প্রভাব পড়বে না ভোক্তা সাধারণের ওপর বলে জানান মন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, শিক্ষকরা না বুঝে আন্দোলন করছেন— তাদের আচরণ দুঃখজনক।
সাংবাদিকদের অর্থমন্ত্রী আরো বলেন, অষ্টম পে-স্কেল বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দুর্নীতি ও নানা অভাব-অভিযোগ কমে আসবে এছাড়া সরকারি কাজে গতি আসবে।
এক প্রশ্নের জবাবে বর্তমানে বাজার সরকারের নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও এর কোনো প্রভাব পড়বে না।
বেতন-ভাতা নির্ধারণ সম্পর্কিত কমিশনের কোনো দরকার নেই উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের আর কোনো উদ্যোগ নিবে না সরকার।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোয় সাধারণ জনগণের ওপর এর কোনো চাপ পড়বে না— উল্লেখ করে তিনি আরো বলেন, এখন দ্রব্যমূল্যের দাম বাড়ালে ব্যবসায়ীরা অসততার পরিচয় দেবেন।
অষ্টম পে-স্কেল কার্যকর হওয়া উপলক্ষে সকালে অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।