পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুরু হয়েছে বাসের আগাম টিকেট বিক্রি। শুক্রবার রাজধানীর গাবতলী ও সায়দাবাদ বাদ টার্মিনাল থেকে দেয়া হচ্ছে ১৭ থেকে ২৪ সেপ্টেম্বরের টিকেট। তবে, মহাখালী বাস টার্মিনাল থেকে এখনো শুরু হয়নি আগাম টিকেট বিক্রি।
পূর্ব ঘোষণা অনুযায়ী, শুক্রবার সকাল থেকে গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালের কাউন্টারে টিকেট বিক্রি শুরু হয়। বিভিন্ন পরিবহনের কর্মকর্তারা জানান, ২২ ও ২৩ সেপ্টেম্বরের টিকেটের চাহিদা সবচেয়ে বেশি।
সকাল থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীর বাস কাউন্টারগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে টিকেট সংগ্রহ করছেন প্রত্যাশীরা। অনেকে বৃহস্পতিবার ও আজ ভোর থেকে কাউন্টারগুলোর সামনে অপেক্ষা করছেন। সকাল থেকে বিক্রি শুরু হলেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকেট না পাওয়ায় অনেকে ধীরগতির অভিযোগ করেছেন।
তবে টিকেটের দাম নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এদিকে, মালিক সমিতি সিদ্ধান্ত না নেয়ায় মহাখালী বাস টার্মিনালে টিকেট বিক্রি শুরু হয়নি। এবার বিআরটিসির বাসের টিকেট বিক্রি শুরু হবে ১৬ সেপ্টেম্বর।