ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের কারণে রোববারও রাজধানী জুড়ে ছিল তীব্র যানজট ও জনচলাচলের অসহনীয় দুর্ভোগ। অনেক জায়গায় গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুভোর্গের মাত্রা বেড়ে যায়।
পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছতে হয়েছে অনেক যাত্রীকে। তবে, আন্দোলনের কারণে অনেকেই আবার রাস্তায় গাড়ি বের করেননি।
সকাল থেকেই সড়ক আটকে দেয়ার কারনে উত্তরা, রামপুরা, মহাখালী, ধানমন্ডি ২৭ নম্বর এলাকা, শঙ্কর, আসাদগেটসহ অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ যাত্রীদের পাশাপাশি গাড়িচালকরাও ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে দুর্ভোগে পড়লেও অনেকে আবার এই ভ্যাট আরোপের ঘটনাকে অযৌক্তিক বলে মনে করেন।
অনেকে আবার বাধ্য হয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন সড়কেই। আর যাদের তাড়া বেশি তারা পায়ে হেঁটেই যান নিজ নিজ গন্তব্যে।