ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহকে বিভাগ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা ও প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার)। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এছাড়াও পর্যায়ক্রমিকভাবে ফরিদপুর ও বৃহত্তর কুমিল্লা আর বৃহত্তর নোয়াখালী মিলে হবে আরও দুটি নতুন বিভাগ। প্রাথমিকভাবে দুটি বিভাগীয় দপ্তর নিয়ে নতুন এ বিভাগের যাত্রা শুরু হবে বলেও জানান তিনি।
ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা মিলেই হবে এ বিভাগ। মূল কেন্দ্র হবে ময়মনসিংহ। এছাড়া ভবিষ্যতে ঢাকা বিভাগও পুনর্বিন্যস্ত করা হতে পারে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
মোশাররাফ হোসাইন বলেন, ময়মনসিংহ বিভাগের সীমানা হবে ১০ হাজার ৫৮৪ বর্গ কিলোমিটার—যার লোকসংখ্যা এক কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৬০০।
নিকারের এ সভায় পিরোজপুরের ভাণ্ডারিয়াকে পৌরসভা করার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। আর কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুড়াবাজারকে করা হয়েছে নতুন থানা। ১০টি ইউনিয়ন নিয়ে এ থানাটি হবে। এছাড়াও পার্ক নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হওয়ায় বেড়েছে কুমিল্লা জেলার হোমনা থানার সীমানাও।
এছাড়া সকালে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ কোস্ট গার্ড আইন ২০১৫’ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে বিজিবি আইনের আদলেই এ আইনটি করা হয়েছে— উল্লেখ করে মোহাম্মদ মোশারারফ হোসাইন ভুঁইয়া জানিয়েছেন, এ বাহিনীর শৃঙ্খলা, তদন্ত ও বিচারের বিষয়গুলো পুরাতন আইনে ছিল না।
এছাড়া ‘দেওয়ানি আদালত সংশোধন আইন-২০১৫’ এরও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দেওয়ানি মামলায় সহকারি জজদের বিচারিক ক্ষমতার আওতা ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১৫ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। একইভাবে সিনিয়র সহকারি জজদের ক্ষেত্রে আওতা ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। তবে যুগ্ম জেলা জজদের ক্ষেত্রে আইনটি সংশোধন করা হয়নি।
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, যুগ্ম জেলা জজদের ক্ষমতা অনেক—আপিল মামলা শুনানির ক্ষেত্রে জেলা জজদের আওতা বেড়েছে ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত।