বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের একমাত্র ছেলে আমান মমতাজ আহমদ (৩৮) বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মওদুদ আহমদের একান্ত সহকারী শহিদুল ইসলাম জানান, সোমবার রাতে আমানকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। এয়ার অ্যাম্বুলেন্স রাত সাড়ে ৪টায় সিঙ্গাপুরে পৌঁছায়। তবে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নামার আগেই তার মৃত্যু হয়।
মওদুদ আহমদ ও তার স্ত্রী হাসনা মওদুদও ছেলের সঙ্গে ওই বিমানে ছিলেন।
গত ৯ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হলে আমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। শরীরের তাপমাত্রা না কমায় সোমবার তাকে আইসিইউতে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে নেয়া হয় সিঙ্গাপুরে।
আমান মমতাজ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এক শোকবার্তায় আমানের আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।