অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে আহ্বায়ক করে বেতন বৈষম্য দূরীকরণ সম্পর্কিত ৭ সদস্যের মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ সম্পর্কিত এক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
অষ্টম বেতন কাঠামো মন্ত্রিসভায় অনুমোদনের পর বেতন বৈষম্য পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতেই এই কমিটি পুনর্গঠন করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পে-স্কেলে বৈষম্য দূর, স্বতন্ত্র বেতন কাঠামো ও মর্যাদা ফিরিয়ে দেয়ার দাবির প্রেক্ষাপটে এ পদক্ষেপ নিল সরকার।
মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রায় ৯ দিনের মাথায় বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হলো। কমিটিতে শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সদস্য হিসেবে রয়েছেন।
এই কমিটির কাজ হবে জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অনিষ্পন্ন বিষয়গুলো পর্যালোচনা, বেতন স্কেলে বৈষম্যের বিষয়ে প্রাপ্ত অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে প্রয়োজনীয় সুপারিশ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা সাপেক্ষে সুপারিশ পেশ করা।
অষ্টম পে-স্কলে বৈষম্য দূর করা, মর্যাদা ফিরিয়ে দেয়া ও স্বতন্ত্র বেতন কাঠামোসহ বিভিন্ন দাবিতে বহুদিন ধরে আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেন তারা।
তবে অষ্টম বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর কোন সুযোগ রাখা হয়নি তবে সবার মতো তাদেরও বেতন-ভাতা বাড়ছে। মূল বেতন প্রায় দ্বিগুণ ও বেশকিছু নতুন বিষয় যুক্ত করে গত ৭ সেপ্টেম্বর অষ্টম পে-স্কেল অনুমোদন করে মন্ত্রিসভা।