রাজধানীতে নির্ধারিত স্থানের বাইরে কোথাও কোনো পশুর হাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে ঈদে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপির সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, এবার চামড়া পাচার রোধে রাজধানীর ১৩টি স্থানে চেকপোষ্ট বসানো হবে। এছাড়াও ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে এবারো চেকপোষ্টের পাশাপাশি টহল পুলিশ বাড়ানো হবে।
তিনি আরো বলেন, রাজধানীতে পশুর হাট বাসানোর ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। কোরবানির চামড়া পাচার রোধেও থাকছে অতিরিক্ত চেকপোষ্ট।
এছাড়াও রাজধানীর পশুর হাট ও ষ্টেশন গুলোতে ভ্রাম্যমান আদালতও থাকছে— উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, চুরি, ছিনতাই, মলম ও অজ্ঞান পার্টি রোধে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
সম্মেলনে আরো বলা হয়, ঈদ পরবর্তী রাজধানীর নিরাপত্তায় থাকছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা ও মার্কেটে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।