ঈদুল আযহা উপলক্ষে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাজধানীর অস্থায়ী পশুর হাট। হাটগুলোতে গুরুবোঝাই ট্রাক আসতে শুরু হলেও ক্রেতা সমাগত অনেক কম। হাট জমজমাট হতে আরো দুই একদিন সময় লাগবে বলে জানিয়েছেন গরু ব্যাপারীরা।
এবার রাজধানীর গাবতলীতে স্থায়ী পশুর হাটের পাশাপাশি ১৬টি অস্থায়ী হাট বসানো হয়েছে। অনুমোদিত হাটগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটির ১০টি এবং উত্তর সিটি করপোরেশনে ৬টি পশুর হাট বসেছে। পশুর হাটের নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি।
হাটের পরিবেশ, ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে সোমবার থেকে শুরু হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
এদিকে, ঈদুল আযহাকে সামনে রেখে দিনাজপুর ও গোপালগঞ্জে গরু মোটাতাজা করণে ব্যস্ত সময় পার করছেন খামারীরা। কোরবানীর জন্য এবার বাজারে দেশি জাতের পশুর চাহিদাই বেশি। তাই বেশি লাভের আশায় শেষ মুহুর্তে কোরবানীর পশু পরিচর্যা করছেন খামারীরা।
গত কয়েকবারের তুলনায় এবার বেশি খরচ করে গরু মোটাতাজাকরণ করছেন তারা। কোরবানির হাটে ভালো দামে গরু বিক্রির আশায় এবারে বেছে বেছে বড় জাতের গরু পালন করেছেন তারা। তবে শেষ মুহূর্তে ভারত থেকে গরু আসার খবরে দুশ্চিন্তায় রয়েছেন খামারীরা।
গত কয়েক যুগ ধরে খড়, ভুষি, আর প্রাকৃতিক ঘাস খাইয়ে গরু মোটাতাজা করে কোরবানির হাটে বিক্রি করেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গরু খামারীরা। উপজেলার সোনাখালী, তারাইল, গোপালপুর, বরৈভিটা, কুরপালাসহ ১০ গ্রামের মানুষ গরু পালন করে কোরবানীর হাটে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
মানবদেহের জন্য ক্ষতিকর ইনজেকশন স্টরয়েড বা ট্যাবলেট না খাইয়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুয়ায়ি প্রকৃতিক নিয়মে গরু মোটাতাজা করায় বাজারে এখানকার পশুর চাহিদাও ভাল। স্থানীয় বাজার ছাড়াও বাগেরহাট, খুলনা ও বরিশালের বিভিন্ন কোরবানীর হাটে এসব গরুর চাহিদা অনেক।
নোয়াখালীর স্থানীয় বাজারগুলোতে গরুর ক্রেতা-বিক্রেতার সমাগম থাকলেও কেনাবেচা তেমন জমে ওঠেনি।
তবে ২/১ দিনের মধ্যে পুরোদমে গরুর বাজার জমে উঠবে বলে আশা করছেন গরু ব্যবসায়ীরা। অন্যান্য বারের তুলনায় বাজারে এবার বিদেশি গরুর উপস্থিতি কম।