বিজ্ঞান গবেষণা ও উন্নয়নে গুরুত্ব দিয়ে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট’ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’ আইনের খসড়ায়ও নীতিগত অনুমোদন দেয়া হয় বলে জানান তিনি।
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ খসড়া আইনের ১৮টি ধারায় ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য, বোর্ড গঠন, ব্যবস্থাপনা, তহবিল সংগ্রহ, সংরক্ষণসহ খুঁটিনাটি বিষয় রয়েছে। আর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ খসড়া আইনটির ২৮টি ধারা এবং ৭২টি উপধারায় একটি উপদেষ্টা পরিষদ গঠন, প্রশাসনের কাঠামো, দিক নির্দেশনসহ সড়ক ব্যবস্থাপনায় সার্বিক বিষয় উল্লেখ রয়েছে।
ভবিষ্যতে প্রয়োজন হলে এই আইনের মাধ্যমে বিআরটিএ একটি কোম্পানিও গঠন করতে পারবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
এছাড়া পায়রা নদী বন্দর প্রকল্পে ভূমি অধিগ্রহণ আইনের খড়সায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া আইনে দ্রুত ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়েছে। তবে বেশি ক্ষতিপূরণ পাওয়ার উদ্দেশ্যে কৃষি জমিকে বাণিজ্যিক প্লট হিসেবে দেখানো যাবে না বলে জানান তিনি।