প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ছেড়ে যাচ্ছে ঘরমুখো মানুষ। মঙ্গলবার সকালে থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড়। বাস টার্মিনালগুলোতেও ঢল নেমেছে মানুষের।
টিকেট কালোবাজারির অভিযোগ পাওয়া গেলেও সার্বিক পরিস্থিতি ভালো বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষায় কমলাপুর রেলস্টেশনে খোলা হয়েছে তথ্য কেন্দ্র।
গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পরিবহন কর্তৃপক্ষ। দূরপাল্লার প্রতিটি বাসই নির্ধারিত সময় থেকে ২/৩ ঘণ্টা দেরিতে ছেড়ে যাচ্ছে।
বৃষ্টি, টার্মিনালের পাশেই পশুর হাটসহ নানা অব্যবস্থাপনায় গাবতলী বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় বেশ যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে, যাত্রীর চাপ বাড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। সকাল থেকেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। এছাড়া ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিসি বিশেষ স্টিমার সার্ভিস চালু করেছে, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।