প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে যাচ্ছে ঘরমুখো মানুষ। বুধবার সকাল থেকেই ট্রেন, লঞ্চ ও বাস টার্মিনালে উপচেপড়া ভিড়। ট্রেনে সামান্য সিডিউল বিপর্যয়ের অভিযোগ থাকলেও, সার্বিক পরিস্থিতি ভালো বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অবশ্য বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন অনেকেই।
তবে গতবারের তুলনায় এবার অনেক বেশি স্বাচ্ছন্দ্যে যেতে পারছে ঘরমুখো মানুষ। সামান্য যেটুকু ভোগান্তি, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দের কাছে তা যেন ম্লান হয়ে গেছে। সব দুর্ভোগ ভুলে বাড়ি যাওয়ার আনন্দ সবার চোখেমুখে। আর নৌপথে যাত্রায়ও এবার কর্তৃপক্ষের তৎপরতায় খুশি যাত্রীরা।
সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহণ মন্ত্রী স্বীকার করলেন, ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ পুরোপুরি দূর করা সম্ভব হয়নি।
বাস কাউন্টারে কর্তব্যরত কর্মকর্তারা বলেন, বাস মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
এদিকে, যাত্রীর চাপ বেশি থাকায় দূরপাল্লার লঞ্চগুলো নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যাচ্ছে গন্তব্যের উদ্দেশে।
এছাড়াও দূরপাল্লার লঞ্চগুলো ছাড়ার আগেভাগেই যাত্রীদের ভিড় জমাতে দেখা গেছে। এবারের ঈদে নৌপথে যাত্রায়, ব্যবস্থাপনার প্রশংসা করেন যাত্রীরা।
সকাল থেকে বৃষ্টি হওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তবুও ঘরে ফেরার টানে সব বাঁধাই যেন তুচ্ছে হয়ে যায়।