শুক্রবার পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর রাজধানীর পশুর হাটগুলো। তবে বৈরি আবহাওয়া ও কোরবানির পশুর দাম বেশি হওয়ায় এখনো বেচা-কেনা জমে ওঠেনি। ইজারাদাররা মনে করছেন আজ থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে বেচা-বিক্রি।
ক্রেতারা বলছেন, দাম এখনও একটু বেশি তাই দেখে শুনে কিনতে চাচ্ছেন কোরবানির পশুটি। আর বিক্রেতারা জানান, বৈরি আবহাওয়ার কারণে ক্রেতারা বাজারে আসতে পারছেন না, ফলে বেচা-কেনা এখনো সেভাবে শুরু হয়নি।
ঢাকা দুই সিটি করপোরেশন অনুমোদিত ১৬টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসেছে রাজধানীতে। এরইমধ্যে হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে জড়ো হয়েছেন ব্যাপারীরা। তবে বৈরি আবহাওয়ার কারণে এখনো পুরোদমে জমে ওঠেনি হাট। পশু কিনতে যারা আসছেন তারা অনেকই শুধু ঘুরে ঘুরে দেখছেন।
বাজারে কোরবানির প্রচুর পশু থাকা সত্ত্বেও দাম বেশি হাকা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। দেখে শুনে পছন্দের পশুটি কিনতে চান তারা।