জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার রাতে নিউইয়র্ক পৌঁছেছেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ প্রায় ৬০ জনের একটি প্রতিনিধিদল।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দরে আওয়ামী লীগের সমর্থকেরা উপস্থিত হন। নিউইয়র্ক পুলিশ তাদের বিমানবন্দরের বাইরে গাড়ি পার্কিং এলাকায় জমায়েত হওয়ার অনুমতি দিলেও টার্মিনালের ভেতরে প্রবেশে বাধা দেয়।
এ সময় আওয়ামী লীগ সমর্থকদের “জয় বাংলা” ও অন্যান্য স্লোগানে বিমানবন্দরের সাত নম্বর টার্মিনালটি সরগরম হয়ে ওঠে। বিএনপি সমর্থকদের একটি দলও এই সময় উপস্থিত হয়ে সরকারবিরোধী স্লোগান দেয়।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তার হোটেলে তিনি দেশি ও বিদেশি অভ্যাগতদের সঙ্গে ঈদের সৌজন্য বিনিময় করবেন।
আজ সন্ধ্যায় বাংলাদেশ মিশনের উদ্যোগে স্থানীয় হোটেলে এক সংবর্ধনায় তিনি যোগ দেবেন।