নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়ার সফর স্থগিত অমূলক বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দেশে কোনো জঙ্গি-সন্ত্রাসী নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাসহ অনেক দল বাংলাদেশে খেলে গেছে আন্তর্জাতিক খেলার নিরাপত্তা নিয়েও কোনো সমস্যা নেই।
তিনি বলেন, দেশের পরিস্থিতি নিরাপদ— কোনো জঙ্গি মাথাচাড়া দেয়ার সুযোগ পাবে না, আত্মপ্রকাশ করতে পারবে না আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে এখানে তাদের আশঙ্কা খামোখা, অমূলক।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গোয়েন্দাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েই পাকিস্তানে আমাদের নারী খেলোয়াড়দের পাঠিয়েছি আশঙ্কার কিছু নেই।
অস্ট্রেলিয়া দল এখনো মানা করেনি জানিয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়ার একটি টিম এসেছে— তারা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত জানাবে।
প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া দল তাদের সরকারি সংস্থার তথ্য অনুযায়ী সফর স্থগিত করেছে, সংস্থার তথ্য সঠিক নয়, বাংলাদেশ নিরাপদ কিছু কিছু ঘটনা ঘটলেও তাৎক্ষণিক আমরা পদক্ষেপ নিয়েছি।
এ সময় মন্ত্রী বলেন , সুন্দরভাবে ঈদ উদযাপিত হয়েছে ।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদপ্তর (ডিএফএটি) গত শুক্রবারে বিভিন্ন দেশে অস্ট্রেলিয়ান নাগরিকদের নিরাপত্তার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে অস্ট্রেলিয়ান নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠে এসেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট থেকে জানা গেছে, একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে অস্ট্রেলিয়ান নাগরিকেরা বাংলাদেশে ঝুঁকিতে পড়তে পারেন। বাংলাদেশের ভ্রমণ করাটি জরুরি কি না সেটিও ভেবে দেখতে বলা হয়েছে ওই প্রতিবেদনে। এই রিপোর্টে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার কথাও তুলে ধরা হয়েছে। এমনকি সহিংসতার কারণে 'ঢাকায় চলাচল অনিরাপদ' এমন দাবিও করা হয়েছে।