বিএনপি-জামাত বাংলাদেশের একটি রাজনৈতিক দল হলেও তারা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে সফরের সাফল্য ও বাংলাদেশের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, যতো ষড়যন্ত্রই হোক, বাংলাদেশের উন্নয়নকে কোনোভাবেই ঠেকানো যাবে না।
জঙ্গিবাদের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে কঠোরভাবে দমন করা হবে বলেও জানান শেখ হাসিনা।
বিদেশি নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, একজন বিদেশি নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর রেড এ্যালার্ট জারির ঘটনাটি অনাকাঙ্খিত।
তিনি আরো বলেন, ধর্মীর সম্প্রীতি নষ্ট করে যারা সাধারণ মানুষের মনে আঘাত করছে সংবিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় সাংবাদিক সম্মেলনে জাতিসংঘ অধিবেশনে যোগদানের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এর আগে জাতিসংঘে সাধারণ অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ। অংশ নেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজে। ভাষণ দেন শান্তিরক্ষা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে।
দ্বীপাক্ষিক বৈঠক করেন চীনের প্রেসিডেন্টসহ মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে, গ্রহণ করেন জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ ও তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা (আইটিইউ) পদক।
গত ২৩ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রয়েছেন শেখ হাসিনা।