সৌদি আরবে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনার কারণে বাংলাদেশের হজ মিশন জেদ্দা থেকে মক্কায় স্থানান্তর করা হয়েছে—জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. বোরহান উদ্দিন।।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
একইসঙ্গে দুর্ঘটনা কবলিত বাংলাদেশি হাজিদের খোঁজ-খবর রাখতে হজ মিশনের সময় ৪৫ দিন বাড়ানোও হয়েছে বলে জানান তিনি।
সচিব বলেন, এ সময় বাংলাদেশ থেকে যাওয়া মেডিকেল টিম ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট কর্মকর্তারাও মক্কায় অবস্থান করবেন।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।
যুগ্ম সচিব সাংবাদিকের আরো বলেন, মিনায় পদদলনের ঘটনায় এখন পর্যন্ত ২৬ বাংলাদেশি হাজি নিহত হওয়ার তথ্য রয়েছে তাদের কাছে। এর মধ্যে ১৩ জনের পরিচয় মিলেছে। এ ঘটনায় এখনও ৫২ হাজি নিখোঁজ রয়েছেন।
প্রসঙ্গত: গত ২৪ সেপ্টেম্বর মিনায় পদপিষ্ট হয়ে ৭৬৯ জন হাজির মৃত্যু হয়। আর আহত হন ৯৩৪ জন। এদের মধ্যে ২৬ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বজন ও ধর্মমন্ত্রণালয়। ৫২ জন হাজির এখনো খোঁজ মেলেনি। এবছর হজ পালন করতে ১ লাখ ৬ হাজার বাংলাদেশি সৌদি আরব যান।