মোবাইল সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়ায় প্রথমপর্যায়ে গ্রাহকরা ৬ মাস সময় পাবেন—অনিবন্ধিত সিম সহসাই বন্ধ হওয়ার সম্ভবনা নেই বলে জানিয়েছে মোবাইলফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।
বুধবার রাজধানীতে গুলশানের অ্যামটব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনের মহাসচিব টি আই এম নুরুল কবির।
নুরুল কবির বলেন, আগামী এক নভেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সব অপারেটরদের পরীক্ষামূলকভাবে সিম পুনঃনিবন্ধন শুরু আর এ কাজ আনুষ্ঠানিকভাবে আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে প্রাথমিকভাবে ৬ মাস এ কার্যক্রম চলবে।
দেশের প্রায় ১৩ কোটি সিমের সবই এ প্রক্রিয়ার মধ্যে আসতে হবে—এ কথা জানিয়ে তিনি বলেন, যতদিন পর্যন্ত সব সিম পুনঃনিবন্ধন না হয়, ততদিন এ প্রক্রিয়া চলমান থাকবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাবে নুরুল কবির বলেন, অনিবন্ধিত সিম অবশ্যই একপর্যায়ে বন্ধ হয়ে যাবে—তবে কবে নাগাদ তা করা হবে, তা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, ডাক ও টেলিযোগযোগ বিভাগ এবং অপারেটররা ঠিক করবে।
নির্দিষ্ট সময় পর অনিবন্ধিত সিম বন্ধ হয়ে গেলেও সেই গ্রাহক তার সঠিক তথ্য দিয়ে আবার সিম চালু করার সুযোগ পাবেন বলে জানান তিনি।
ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন না করে সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের এ নির্দেশনা জারি করে সরকার।