ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার সব বিলবোর্ডই বর্তমানে অবৈধ বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। পহেলা অক্টোবর থেকেই এসব বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার উত্তর সিটি করপোরেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আগামী ১০ অক্টোবরের আগে বিলবোর্ড সরানো না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আনিসুল হক। এরপরও কোন বিজ্ঞাপন প্রতিষ্ঠান বিলবোর্ড না সরালে আইনী ব্যবস্থার পাশাপাশি তাদের কালো তালিকাভুক্ত করা হবে বলে জানান তিনি।
তবে নীতিমালা তৈরির আগেই এ উচ্ছেদের সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিবেন না বলে জানিয়েছেন বিলবোর্ড মালিকরা। এতো অল্প সময়ের আল্টিমেটামে উচ্ছেদের সিদ্ধান্ত কোনভাবেই কার্যকর করা সম্ভব নয় বলেও জানান তারা।
পুরো রাজধানী জুড়েই ছেয়ে আছে অসংখ্য বিলবোর্ড। সিটি করপোরেশনের আওতাধীন এলাকার মধ্যে বিলবোর্ডের অনুমোদন দেয়ার এক্তিয়ার রাজধানীর দুই সিটি করপোরেশনের। তবে নজরকাড়া এসব বিলবোর্ডের মধ্যে বৈধ্যের চেয়ে অবৈধের সংখ্যা বেশি আগে থেকেই। আর মেয়াদ না বাড়ানোয় গত জুলাই থেকে নগরীর উত্তরের সব বিলবোর্ডই এখন অবৈধের তালিকায়।
বিজ্ঞাপনকে একটি নীতিমালার মধ্যে আনা ও অবৈধ বিলবোর্ড উচ্ছেদে দায়িত্ব নেয়ার পর থেকেই জোরালো ভুমিকা রাখার কথা বলে আসছেন উত্তরের মেয়র আনিসুল হক। তার দাবি বিলবোর্ড মালিকদের বেশ কয়েকবার অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে বলা হলেও তাদের কাছ থেকে কোন সাড়া পায়নি কর্পোরেশন।