দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়ার জন্য আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রীকে। শুক্রবার সকালে ১৪ দলের এক যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান নেতারা।
সভায় এ গণসংবর্ধনায় মানুষের ঢল নামিয়ে বিএনপি-জামাতের ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে জানিয়ে ১৪ দলের নেতারা বলেন, সারাবিশ্ব যেখানে শেখ হাসিনাকে অভিনন্দিত করছে, সেখানে বাংলাদেশ পিছিয়ে থাকবে কেন।
প্রধানমন্ত্রীর এ অর্জন গোটা জাতির অর্জন— উল্লেখ করে নেতারা আরো বলেন, সংবর্ধনায় মানুষের ঢলই বিএনপি-জামাতের ষড়যন্ত্রের জবাব।
জানা গেছে, চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ ও আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হবে। শনিবার দুপুরে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানানো হবে।
এ আয়োজন সফল করতে সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবীদের সংগঠনের সঙ্গে যৌথ সভা করে কেন্দ্রীয় ১৪ দল। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার কোন কোন পয়েন্টে কোন কোন নেতা দাঁড়াবেন তার দিক নির্দেশনা দেয়া হয় সভায়।
বিমানবন্দর থেকে খিলক্ষেত, কুড়িল ফ্লাইওভার, হোটেল র্যা ডিসন, বনানী, মহাখালী, জাহাঙ্গীর গেট, বিজয় সরণী, সংসদ ভবন হয়ে গণভবন পর্যন্ত পুরো সড়কের দুই পাশে নেতাকর্মীরা ব্যানার, ফ্যাস্টুন নিয়ে দাঁড়িয়ে সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।