হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশের ফেরার ষষ্ঠ দিনের ফ্লাইটেও ভোগান্তি পোহাতে হচ্ছে হাজিদের। সিডিউল বিপর্যয় অব্যাহত থাকায় তীব্র গরমের মধ্যেই জেদ্দা বিমান বন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।
আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর যথাসময়ে লাগেজ না পাওয়ায় আরো বিড়ম্বনার শিকার হচ্ছেন হাজিরা।
হজ পালন শেষে শনিবারও কয়েকটি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন হাজিরা। একদিকে বিমানবন্দরে হাজিদের জন্য স্বজনদের দীর্ঘ প্রতীক্ষা, অন্যদিকে লাগেজের জন্য অপেক্ষা করতে হচ্ছে হাজিদের। যথাসময়ে লাগেজ বুঝে না পাওয়ার অভিযোগ তাদের।
ফিরতি ফ্লাইটে শিডিউল বিপর্যয়েরও অভিযোগ দেশে ফেরা হাজিরা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিটি ফিরতি ফ্লাইটে তাদের কয়েক ঘণ্টা বিলম্বের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এছাড়া নির্ধারিত সময়ে ফ্লাইট না ছাড়ায় তীব্র গরমের মধ্যে জেদ্দা বিমান বন্দরে হাজিদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এজন্য সরকারের হস্তক্ষেপ চান হাজিরা। তবে এসবের পরও হজ পালন শেষে দেশে ফিরতে পেরে খুশি তারা।