যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চলার সময় বিদেশি নাগরিক হত্যা পরিকল্পিত-- এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্প্রতি দুর্বৃত্তদের গুলিতে বিদেশি নাগরিকের মৃত্যুর ঘটনার বিষয়ে তিনি বলেন, এ হত্যাকণ্ডে বিএনপি-জামাতের মদদ রয়েছে।
সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান রয়েছে—উল্লেখ করে তিনি আরো বলেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন নেই।
আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশ সঠিক পথেই এগিয়ে চলেছে।
সন্ত্রাসবাদ রোধে গণমাধ্যমকর্মী ও জনগণের সচেতনতার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি জঙ্গি তৎপরতা পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশে দুই বিদেশি নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক উগ্রপন্থি দল আইএসের জড়িত থাকার কথা বললেও বাংলাদেশে তেমন কোনো জঙ্গি সংগঠনের তৎপরতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, 'এখনো পর্যন্ত বলতে পারি আমাদের এখানে আইএস বা তেমন কোনো সংগঠনের তৎপরতা গড়ে উঠতে পারেনি।'
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী।
এ সময় বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরকেও সাধুবাদ জানান তিনি।
প্রসঙ্গত, জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অবস্থানকালে তিনি গত ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের সাধারণ বিতর্কে তার দেশের বিবৃতি পাঠ করেন।
প্রধানমন্ত্রী গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) নির্বাহী পরিচালক আচিম স্টেইনারের কাছ থেকে মর্যাদাপূর্ণ ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার গ্রহণ করেন।
শেখ হাসিনা গত ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব হুলিন ঝাওয়ের কাছ থেকে ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী ২৮ সেপ্টেম্বর অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। ওইদিন তিনি জাতিসংঘ মহাসচিব বান কি মুন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এবং রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে আয়োজিত ভোজসভায় যোগ দেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে যোগদান ছাড়াও প্রধানমন্ত্রী বেশকিছু অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, এবং নেদারল্যান্ডের রাণী ম্যাক্সিমাসহ বেশ কিছু রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে লন্ডন হয়ে শনিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।