ধান, চাল, গম, ভুট্টা, চিনি ও সার ৬টি পণ্য বাজারজাতকরণে পাটের মোড়ক ব্যবহার না করলে ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের লাইসেন্স বাতিল করবে সরকার বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মির্জা আজম।
মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আয়োজিত একটি বৈঠকে এসব সিদ্ধান্তের কথা বলেন তিনি।
মির্জা আজম বলেন, ৬টি পণ্যে পাটের মোড়ক না দিলে প্রচলিত আইনে শাস্তি দেয়া হবে— আগামী ২৫ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী সড়ক, মহাসড়ক, চাল উৎপাদনকারী এলাকা এবং ঢাকার প্রবেশ মুখসহ সারাদেশে সাঁড়াশি অভিযানও পরিচালনা করা হবে।
তিনি আরো বলেন, পণ্য সরবরাহ ও বিতরণে কৃত্রিম মোড়কের ব্যবহারে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। এ কারণে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০’ এবং ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা ২০১৩’ প্রণীত হয়েছে। আইনের প্রয়োগ ও বাস্তবায়নে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।