সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিদের সঙ্গে বৈঠকে বিদেশি হত্যার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কূটনীতিকদের কাছে সাম্প্রতিক পরিস্থিতির বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, সম্প্রতি ঘটে যাওয়া জাপানের নাগরিক হোসি কোনিও ও ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা তদন্তের অগ্রগতি হয়েছে। বর্তমানে দেশের নিরাপত্তা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
পরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ও কূটনীতিক কোরের ডিন রবার্ট গিবসন সাংবাদিকদের বলেন, বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পর বাংলাদেশ সরকার যেসব পদক্ষেপ নিয়েছে এতে আমরা কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের আইজিসহ সংশ্লিষ্টরা নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে বিদেশি নাগরিক হত্যার ঘটনা তদন্তের বিষয়ে আলোচনা হয়েছে।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামও উপস্থিত ছিলেন।
এর আগে ব্রিফিংয়ে অংশ নিতে বেলা পৌনে ৩টার পরপরই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন ঢাকায় কার্যরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। বিকেল ৩টার পরে ‘পদ্মা’য় আসেন ঢাকায় নিযু্ক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় চেজারে তাভেল্লা নামের একজন ইতালিয় এনজিওকর্মীকে গুলি করে হত্যা করা হয়। এর ৫ দিনের মাথায় রংপুরের এক গ্রামে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।
এ ২টি ঘটনার পরই আইএস হত্যার দায় স্বীকার করে বলে খবর দেয় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’।