পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য বিদেশি নাগরিকদের হত্যা করা হয়েছে—জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাজধানীর মিরপুর ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটিতে (ডিওএইচএস) শহীদ সামরিক কর্মকর্তাদের পরিবারের কাছে ফ্ল্যাট হস্তান্তর ও ‘শেখ হাসিনা কমপ্লেক্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, উন্নয়নের গতিকে স্তিমিত করতেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে—এসব করে কেউ দেশের অগ্রগতিকে ঠেকাতে পারবে না।
রাজধানীতে বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরো বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়—যখনই আমরা কোনো কিছু অর্জন করি তখনই এ ধরনের ঘটনা ঘটানো হয় আর একটি মহল পরিকল্পিতভাবে এসব ঘটিয়ে আসছে।
এ সময় প্রতিনিয়ত সন্ত্রাস, জঙ্গিবাদসহ নানা ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছ—এ কথা উল্লেখ প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় যে শক্তি ও কর্মঘণ্টা ব্যয় হয় তা দিয়ে দেশকে বিশ্বের দরবারে আরো এগিয়ে নিয়ে যাওয়া যেত।
এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সেনাবাহিনীর শহীদ কর্মকর্তাদের পরিবারের সদস্যদের জন্য নির্মিত বহুতল ভবন ‘অপরাজিতায়’ বরাদ্দ ফ্ল্যাট তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।