আগামী বছর থেকে মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে পছন্দ মতো অপারেটরের সংযোগ ব্যবহারের সুবিধা চালু হবে—বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তারানা হালিম বলেন, ফেব্রুয়ারি-মার্চ থেকে এ সুযোগ চালু হবে। এর ফলে সর্বোচ্চ ৩০ টাকায় অপারেটর পরিবর্তন করে ৪০ দিন পর্যন্ত সে অপারেটরের সেবা গ্রহণ করা যাবে। এমএনপি সেবা চালু হলে অপারেটরদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা তৈরি হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, নিলামের মাধ্যমে ১৫ বছরের জন্য একটি কোম্পানিকে এমএনপি নিবন্ধন দেয়া হবে, বছরে নিবন্ধন ফি হবে ২০ লাখ টাকা। নিবন্ধন দেয়ার পর দ্বিতীয় বছর থেকে নিবন্ধন পাওয়া কোম্পানিকে সাড়ে ৫% হারে সরকারকে রাজস্ব দিতে হবে।
বাংলাদেশি বা প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি এ নিলামে অংশ নিতে পারবে। বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি অংশীদার লাগবে। এ ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানের সর্বোচ্চ মালিকানা ৫১% হতে পারবে।
তবে কোনো মোবাইল অপারেটর এমএনপি নিবন্ধন নিতে নিলামে অংশ নিতে পারবে না।
আবেদনের ৩ দিনের মধ্যে গ্রাহককে এ সেবা দিতে হবে এবং কোনো গ্রাহক যদি একবার অপারেটর বদলের পর আবারও অপারেটর বদল করতে চান তাহলে তাকে ৪৫ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ কমপক্ষে ৪৫ দিন অপারেটরের সেবা নিতে হবে। প্রিপেইড ও পোস্ট পেইড উভয় ধরনের গ্রাহকই এমএনপি সুবিধা পাবেন।
গত ২০ সেপ্টেম্বর মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়।