সরকারের ভালো উদ্যোগকে কেউ নেতিবাচক দৃষ্টিতে দেখলে সরকারের তাতে কিছু করার নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার নিজ দপ্তরে মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও সংস্থার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্থানীয় সরকার আইন সংশোধনে সরকারের উদ্যোগে বিএনপির সমালোচনার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি।
সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপিকে কৌশলে স্থানীয় নির্বাচনে আনা হচ্ছে কি না- সাংবাদিকের এ প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান খন্দকার মোশাররফ।
তিনি বলেন, আমরা কোনো শীষকে নির্বাচনে আনছি না, দল নির্বাচন করবে।
বিএনপির বিরোধিতার প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, কেউ যদি ভালো কাজে অসৎ উদ্দেশ্য দেখে তবে তা তার দৃষ্টিভঙ্গির ব্যাপার। এটা তো আমরা কিছু করতে পারব না। উনারা (বিএনপি) যদি শুধু খারাপ জিনিসই দেখেন, উনাদের চোখের অপারেশন আমরা কেমনে করাব? আপনারা (সাংবাদিক) (বিএনপি নেতাদের) মন এবং চোখ পরিষ্কার করাই দেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত ২৮টি প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের পর স্থানীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।
কাজকে সুনির্দিষ্ট ছকে আনতে ‘পারফরমেন্স বন্ড’ করা হল জানিয়ে তিনি বলেন, এখন প্রত্যেকটা স্টেপই সুনির্দিষ্টভাবে মনিটর করা হবে।
আমরা যদি যার যার দায়িত্ব সুনির্দিষ্টভাবে পালন করি তাহলে এই বন্ড সই করার ফলে নয় মাস বসে থেকে প্রজেক্ট অ্যাপ্রুভালের সুযোগ আর থাকবে না। সচিবদেরও প্রধানমন্ত্রীর সামনে মূল্যায়ন হবে। পরিপূর্ণ জবাবদিহি ও স্বচ্ছতার মধ্যে আমরা আসছি বলে জানান তিনি।
চুক্তি স্বাক্ষরের সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার ছাড়াও মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।