কেউ আইনের ঊর্ধ্বে নয় অন্যায় করলে তার বিচার হবেই—এ কথা উল্লেখ করে আদালতের নির্দেশনা হাতে পেলেই সাংসদ লিটনের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত: ২ অক্টোবর সাংসদ মনজুরুলের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শিশু শাহাদাত আহত হয়। দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, দুই বিদেশি হত্যাসহ সম্প্রতি কয়েকটি হত্যাকাণ্ডের তদন্তে বেশ অগ্রগতি রয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দ্রুতই এসব অগ্রগতি জানানো হবে।
আর পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, তদন্ত শেষ না করে কোনো কথা বলা ঠিক হবে না। এদিকে, সিজার তাভেলার মরদেহ সকালে ইতালি দূতাবাসের দুই কর্মকর্তাকে বুঝিয়ে দেয়া হয়েছে। রাতেই তা ইতালির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হবে।
আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধি হয়ে কাজ করতে বাংলাদেশে এসেছিলেন ইতালীয় নাগরিক সিজার তাভেলা। পেশাগত, ব্যক্তিগত কিংম্বা অন্য কোনো কারণে তাকে প্রতিহিংসার শিকার হতে হলো কিনা- এখনো তা অস্পষ্ট। দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও হত্যার মোটিভ এবং খুনিদের ব্যাপারে তদন্তে অগ্রগতির বিষয়ে কিছুই খোলাসা করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকায় নিযুক্ত ইতালীয় দুতাবাসের দুই কর্মকর্তা বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা তাভেলার মরদেহ বুঝে নেন।
এদিকে, গত ০৩ অক্টোবর রংপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোসি কুনিও। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ ও সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ হত্যাকাণ্ডের তদন্তের কোন অগ্রগতিও দৃশ্যমান হয়নি এখনো।
তবে দুই বিদেশি হত্যার ঘটনার তদন্তই শেষ পর্যায়ে বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী— জানিয়েছেন, দ্রুত এর পেছনের ঘটনা উন্মোচন করা হবে।
আর তদন্ত শেষ না করে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
এসব হত্যাকাণ্ড তদন্তে সবার সহযোগিতা চেয়ে, গণমাধ্যমে সংবাদ প্রচার ও প্রকাশের ক্ষেত্রে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।