সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্যই সম্প্রতি দু'জন বিদেশিকে একই কায়দায় হত্যা করা হয়েছে।
এ সময় তিনি বলেন, সব ধরণের পরিস্থিতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে সরকারের।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত লিওনি কিউলেনারের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
দেশে সব ধরণের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে সরকার প্রস্তুত—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু দেশে নয় প্রতিবেশি দেশগুলোর জঙ্গি কর্মকাণ্ড নিয়ন্ত্রণেও সহায়তা করবে সরকার।
দেশে কয়েকটি রাজনৈতিক দলের কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অশুভ শক্তির যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তত সরকার এবং তার পক্ষ থেকে নতুন রাষ্ট্রদূতকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
পরে সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রীলংকার হাইকমিশনার জাসোজা গুনাসেকারা। জাতিসংঘের চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ সম্মাননা পাওয়ায় প্রধানমন্ত্রীকে দক্ষিণ এশিয়ার গর্ব বলে অভিহিত করেন শ্রীলংকান হাইকমিশনার।
এসময় বিদ্যুৎ, ব্যাংক, ঔষধ, জাহাজ শিল্প খাতে শ্রীলংকা সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। দেশের ২২টি বিশেষ অর্থনৈতিকক অঞ্চলে বিনিয়োগ করতে শ্রীলংকার প্রতি আহবানও জানান তিনি।