মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের পথে না গিয়ে দেশের উন্নয়নের অংশীদ্বার হতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এদেশে জঙ্গিবাদের কোনো স্থান হবে না জানিয়ে সন্ত্রাসবাদ-জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
তিনি আরো বলেন, তরুণরা এ পথে এলে বরদাস্ত করা হবে না।
এসময় প্রধানমন্ত্রী কুড়িগ্রামে একটি বিশ্ববিদ্যালয়, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দেন। এ ছাড়াও এখানকার উন্নয়নে যা যা করার সরকার করবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ১৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ছাড়াও ১৪টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
জনসভায় প্রধানমন্ত্রী কুড়িগ্রামের উন্নয়নে সরকারের নেয়া কর্মসূচি বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। শিল্পকারখানার উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল ছাড়াও লালমনিরহাটের সঙ্গে রেললাইন স্থাপনের ঘোষণা দেন শেখ হাসিনা। কুড়িগ্রামে দারিদ্র্যের হার বৃদ্ধির জন্য বিএনপি-জামাতের দুঃশাসনকেও দায়ী করেন তিনি।
বিএনপি-জামাত দেশের জন্য কোনো কল্যাণ আনতে পারে না উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বিএনপি-জামাতের ইন্ধনে গড়ে ওঠা জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার।
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের পথ অনুসরণ না করে দেশের উন্নয়নের অংশীদার হতে তরুণ সমাজের প্রতি আহবানও জানান শেখ হাসিনা।
এসময় বিলুপ্ত ছিটমহলবাসিদের আপন করে নিতে সকলের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।