সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) পূরণের ক্ষেত্রে কৃষি ও খাদ্য নিরাপত্তা অর্জনে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে সফল। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার (এফএও) ‘দ্য স্টেট অব ফুড সিকিউরিটি ইন ওয়ার্ল্ড- ২০১৫’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খাদ্য দিবস উপলক্ষে এক সেমিনারে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, কৃষির মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে তবেই কৃষি ও খাদ্য নিরাপত্তায় পুরোপুরি সফল হওয়া সম্ভব।
কৃষিনির্ভর একটি দেশের অর্থনীতি চাঙ্গা থাকে তখনই যখন দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় মৌলিক ভূমিকা পালন করে কৃষি। বাংলাদেশ এখন অনেকটা সে পথেই হাঁটছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও) সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ মেকাবেলা করেও বাংলাদেশ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তায় অনেক এগিয়ে। তবে ৫ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতি, কৃশকায় স্বাস্থ্য ও অপুষ্টি রোধের দিক দিয়ে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে।
এ চ্যালেঞ্জ স্বীকার করেই খাদ্য দিবসের সেমিনারে সরকারের দুই মন্ত্রী জানান তাদের লক্ষ্য ও পরিকল্পনার কথা।