জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কনিষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন আজ (রোববার)। ১৯৬৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। পঁচাত্তরের ১৫ আগস্টের বর্বর হত্যাযজ্ঞ থেকে রক্ষা পায়নি শিশু রাসেলও।
বঙ্গবন্ধুর অত্যন্ত আদরের ছিল তার ছোট ছেলেটি। বাঙালির মুক্তির আন্দোলনে সংগ্রামরত বাবাকে খুব কমই কাছে পেয়েছে সে। কিন্তু যখনই সময় সুযোগ হয়েছে তখন রাসেল থাকতো বঙ্গবন্ধুর একেবারে কাছে। দেশে-বিদেশে বিভিন্ন সফরে বঙ্গবন্ধুর সঙ্গে থাকতো তার কনিষ্ঠ সন্তানটি।
১৯৭৫ সালের ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি ছোট রাসেলও। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ঘাতকের চোখ পড়ে রাসেলের ওপর। মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে বুলেটে ঝাঝড়া করে দেয় শিশু রাসেলের কোমল শরীর। সে সময় ১১ বছরের রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও।
সকাল ৮টায় বনানীতে শেখ রাসেলের কবরে ফুল দেয়ার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
পরে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কেক কাটবে ছাত্রলীগ।
এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও বাদ আছর দোয়া, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।