সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হাজিদের মধ্যে ১৩৭ বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রোববার নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, মিনায় নিহতদের মধ্যে ১৩৭ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৯৬ জনের পরিচয় জানা গেছে।
এখনও বেশ কয়েকজন হাজি সৌদির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং ৫৩ জন বাংলাদেশির কোনো সন্ধান সৌদি আরবে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা পাননি বলেও জানান তিনি।
গত ২৪ সেপ্টেম্বর হজ পালনের সময় মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ওই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানান, ওই ঘটনায় ৭৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশিও রয়েছে। এরপর পদদলিত হওয়ার ওই ঘটনায় সরকারের পক্ষে বাংলাদেশি হাজিদের নিহতের সংখ্যা জানানো হয় কয়েক দফা।