গণপরিবহনে সরকার অযৌক্তিকভাবে ভাড়া বাড়ানোর পর বাস মালিকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছেন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে গণপরিবহনের ভাড়া বাড়ানো নিয়ে যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত গণশুনানিতে এ অভিযোগ করেন সাধারণ যাত্রীরা।
যাত্রীতে ঠাসাঠাসি তবুও বাসের ২০% আসন খালি-- শুনতে অস্বাভাবিক মনে হলেও বাস মালিকরা এটিই সরকারের কাছে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
গ্যাসের দামের সঙ্গে বাস মালিকদের এ দাবি মেনে নিয়েই সরকার গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে। যাকে অযৌক্তিক দাবি করে যাত্রীদের অভিযোগ সরকার গণপরিবহন মালিকদের স্বার্থ রক্ষা করছে।
সরকার প্রতি কিলোমিটারে গড়ে বাস ভাড়া বাড়িয়েছে ১০ পয়সা। কিন্তু বাস মালিকরা ভাড়া নিচ্ছেন তার চেয়েও বেশি সঙ্গে হেলপার, কন্ট্রাক্টরের অসদাচারণ।
যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত গণশুনানিতে সাধারণ যাত্রীরা এ অভিযোগ করেছেন।
এদিকে, সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে বাস মালিকরা যেন বেশি ভাড়া নিতে না পারে তা নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিক ও কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ। ভাড়া বাড়ানো নিয়ে সৃষ্ট এসব সমস্যা সমাধানের দায়-দায়িত্ব সরকারকে নেয়ার দাবিও জানান তিনি।
যে গ্যাসের দাম বাড়ানো নিয়ে এতসব বাগবিতর্ক সে গ্যাসের দাম বাড়ানোকেও অযৌক্তিক হিসেবে দাবি করেন বিশিষ্টজনেরা।