সাময়িক জনভোগান্তি হলেও বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে রাজধানীতে বিআরটিসি'র কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন।
এখনো অনেক গণপরিবহন নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হচ্ছে— উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে বিআরটিসি পরিবহনগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গণপরিবহনে বর্ধিত ভাড়া নির্ধারণের পরও বাসে ইচ্ছেমতো বেশি ভাড়া আদায় ও তা বন্ধে অভিযানের কারণে জনভোগান্তির সৃষ্টি হচ্ছে—মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এ ভোগান্তি সাময়িক, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অব্যাহত থাকবে।
এসময় বিআরটিসি'র পরিবহনগুলোর অবস্থা খুবই করুণ-- উল্লেখ করে এর জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও উর্ধতন কমকর্তারা দায়ী বলেও জানান মন্ত্রী।
জনভোগান্তি কমাতে বিআরটিসিতে আরো নতুন বাস সংযোজনের চিন্তা রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।