আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের পরীক্ষামূলক প্রক্রিয়া চালু হচ্ছে কাল- বুধবার তবে আনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়া চালু হবে আগামী ১৬ ডিসেম্বর জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিন।
মার্চের মধ্যে সিম নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে— এরপর সিম অপারেটরদের কাছ থেকে জরিমানা আদায় করা হবেও বলে জানান তিনি।
দায়িত্ব নেয়ার পর ৯০ দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। সময় পূর্ণ হওয়ার পর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিজের কর্মকাণ্ডের মূল্যায়ন করেন তিনি। সার্বিক মূল্যায়নে সন্তুষ্টি প্রকাশ করে কিছু বিষয় বিশেষ করে সাবমেরিন ক্যাবল স্থাপনে ঘাটতির কথা স্বীকার করেন।
যাদের কারণে ৯০ দিনের কর্মপরিকল্পনা সফল হয়নি দায়িত্বে অবহেলার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
এক প্রশ্নের জবাবে, সিম নিবন্ধন, যাচাই ও পুনঃনিবন্ধন প্রক্রিয়া ধীর গতিতে এগোচ্ছে উল্লেখ করে নির্ধারিত সময়ে তা সম্পন্ন না হলে অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, বায়োমেট্রিক পদ্ধতির পরীক্ষামূলক ও আনুষ্ঠানিক যাত্রার কথা।
এছাড়া রাজস্ব আদায়, বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ, অবৈধ ভিওআইপি বন্ধ, সার্ক সাইবার নিরাপত্তা গড়ে তোলা, টেলিটককে শক্তিশালী করাসহ বিভিন্ন বিষয়ে তার নেয়া পদক্ষেপ ও অগ্রগতির সবশেষ তথ্য জানান প্রতিমন্ত্রী।