এখনো বিদেশি নাগরিকদের নিরাপত্তাহীনতার শঙ্কা রয়ে গেছে—পাশাপাশি এ দেশের সরকারের নেয়া ব্যবস্থার সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অষ্ট্রেলিয়া এ চার দেশের রাষ্ট্রদূত এবং হাই-কমিশনারদের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।
এদিকে, বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, দেশে জঙ্গিবাদের সুর্নিদিষ্ট কোনো তথ্য দিতে পারেননি তারা।
বার্নিকাট সাংবাদিকদের জানান, দুই বিদেশি হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর নেয়া নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক হলেও বাংলাদেশে এখনো নিরাপত্তাহীনতার শঙ্কা রয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ সফরের ব্যাপারে কোনো নিষেধাদ্ধা জারি করেনি মার্কিন কর্তৃপক্ষ তবে এখানে অবস্থান তার দেশের নাগরিকদের চলাচলে সর্তকতা জারির করার কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে নিযুক্ত এ চার দেশের কূটনীতিকরা দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।
দুই বিদেশি হত্যাসহ জঙ্গি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে— এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, তবে দেশে জঙ্গিবাদের সুর্নিদিষ্ট কোনো তথ্য দিতে পারেননি তারা।
তিনি আরো বলেন, একই সঙ্গে দুই বিদেশি হত্যায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন চার দেশের কূটনীতিকরা।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, কানাডিয় হাই-কমিশনার হিদার ক্রডেন ও অস্ট্রেলীয় হাই কমিশনার গ্রেগ উইলকক।