দেশে কর্মসংস্থান বাড়াতে এখনই বৃহৎ নয়—ক্ষুদ্র, মাঝারি ও শ্রমঘন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজার) গভর্নিং বোর্ডের তৃতীয় সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যতো বেশি শ্রমঘন শিল্প হবে ততো বেশি মানুষের কাজের সুযোগ হবে। আগামী ২/৩ বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদন, শিল্পায়ন ও বাজারজাতকরণ বহুমূখী করতে হবে। তবে এ উন্নয়ন শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক না করে তা সুষমভাবে দেশের সর্বত্র করতে হবে।
মধ্যম আয়ের দেশ হতে বাংলাদেশকে ২০২১ সালকে অপেক্ষা করতে হবে না— উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২-৩ বছরের মধ্যেই সে লক্ষ্য পৌঁছানো সম্ভব।
তিনি আরো বলেন, বাংলাদেশে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানো হবে। তবে বিনিয়োগের সময় রপ্তানি বাড়ানোর পাশাপাশি নিজেদের ও প্রতিবেশী দেশগুলোর চাহিদা মাথায় রেখে তা নিরূপণও করতে হবে।