দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে রাজনৈতিক দল ও আইনের মধ্যকার লুকোচুরি খেলার অবসান হবে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইনু বলেন, স্থানীয় নির্বাচনে তার দল অংশ নিবে। এর ফলে দলের ভেতর দলবাজি ও দুর্নীতি কমবে।
নতুন এ স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতির বিরোধিতা করায় বিএনপি'র সমালোচনা করেন তথ্যমন্ত্রী।
এদিকে, রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, দলীয় প্রতীকে নির্বাচনের ফলে তৃণমূলে গণতন্ত্রের বিকাশ ঘটবে।
এছাড়া, সারাদেশে প্রার্থী দেয়ার কথা জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু বলেন, এটা তাদের জন্য জনমত যাচাইয়ের জন্য একটি বড় সুযোগ।
আর দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন এমন ব্যক্তিদেরও এবার স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী করতে আগ্রহী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তবে নির্বাচন যেন আমলাতন্ত্র ও স্থানীয় সংসদ সদস্যদের প্রভাবমুক্ত নিরোপেক্ষ থাকে, তার জন্য নির্বাচন কমিশনের যথাযথ ভূমিকা দেখতে চান সকল রাজনৈতিক দলই।
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের পাশাপাশি প্রস্তুতি শুরু করেছে ১৪ দলীয় জোটের শরিকদল জাসদ ও ওয়ার্কার্স পার্টিসহ বেশিরভাগ দল। প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বাম দলগুলো। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সৎ, মেধাবী, দলের প্রতি নিষ্ঠাবান, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এমন ব্যক্তির কথাই ভাবছে তারা। তবে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেই দিকে নির্বাচন কমিশনকে জোরালো ভূমিকা রাখার দাবি সবার।