আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নামের প্রপাগাণ্ডায় আন্তর্জাতিক চক্রান্তের শিকার হচ্ছে দেশ— বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো একটি ঘটনা ঘটলে বিদেশি বন্ধুরা বাংলাদেশে আইএস আছে বলে যে কথা বলে থাকেন, তা ঠিক নয় তদন্ত হচ্ছে এতে সব বের হয়ে আসবে।
পরে সাংবাদিকরা সম্প্রতি বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে আইএসের দায় স্বীকার সম্পর্কে জানতে চাইলে— মন্ত্রী বলেন, দেশে আইএসের সাংগঠনিক কোনো অস্তিত্ব নেই তবে বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে মূলত জামাত-শিবির কাজ করছে।
আর কমিটির সভাপতি টিপু মুন্সী জানান, দুই বিদেশি নাগরিক হত্যা, পুলিশ ও হোসেনি দালানে বোমা হামলার যোগসূত্র একই।
শিগগিরই রাজধানীতে ইটালির নাগরিক তাভেলা হত্যা মামলার তদন্ত প্রকাশ করা হবে আর এর মধ্যদিয়ে অনেক অস্পষ্ট বিষয়ের জট খুলবে বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যা, পুলিশ ও হোসনি দালানে বোমা হামলার যোগসূত্র একই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপু মন্সি বলেন, দেশকে অস্থিতিশীল করতেই এ ঘটনা সংঘঠিত হচ্ছে।
দেশের সম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক হয়েছে সংসদ ভবনে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর
ঊধ্বর্তন কর্মকর্তাসহ স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন।
এছাড়া বৈঠকে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনাসহ রাজন হত্যা ও রাজিব হত্যা মামলা দ্রুত শেষ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।