বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই বিএনপি-জামাত পরিকল্পিতভাবে বিদেশি নাগরিক হত্যা ও ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলা চালাচ্ছে—বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে রাজধানীতে ঢাকা ওয়াসার পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিদেশি নাগরিক হত্যা ও ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় কারা জড়িত বিষয়টি ধীরে ধীরে পরিস্কার হচ্ছে— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বোমা হামলা চালিয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না।
সন্ত্রাস ও জঙ্গীবাদকে সরকার কোনোভাবে প্রশ্রয় দেবে না জানিয়ে জনগণকে এদের বিরুদ্ধে আরো সচেতন হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
এর আগে সুপেয় পানির সরবরাহ বাড়াতে রাজধানীতে ঢাকা ওয়াসার পদ্মা মুন্সিগঞ্জের জশলদিয়া পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর আশপাশের নদীর নাব্যতা বাড়িয়ে নগরবাসীর পানির চাহিদা মেটাতে সরকারের নানান পদক্ষেপের কথা জানিয়ে পানির অপচয় রোধে সকলকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ভূমিকম্পের ঝুঁকি কমাতে ভূগর্ভস্ত পানির উপর নির্ভরতা কমাতে হবে। সারাদেশে সুপেয় পানি সরবরাহের জন্য সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগ্রহণ করেছে।
পরে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে মুন্সগঞ্জের লৌহজংবাসীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, রাজধানীতে দেড় কোটি মানুষের প্রতিদিন ২২০ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ২৪২ কোটি লিটার পানি সরবরাহ করতে পারছে ঢাকা ওয়াসা। বর্তমানে ভূগর্ভের পানির সমস্যা ও নির্ভরতা দূর করতে উপরস্থ পানি ব্যবহারের মাত্রা ২০ ভাগ থেকে বাড়িয়ে ২০১৯ সালের মধ্যে ৮০ ভাগ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।