বিএনপি-জামাত ও তাদের মিত্রদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ।
বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা।
অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি বিস্তৃত করতে সামাজিক ও সাংস্কৃতিক প্রচারের বিকল্প নেই বলেও মনে করেন মঞ্চের নেতারা।
এসময় দেশে চলমান জঙ্গি তৎপরতা রুখতে জামাতকে নিষিদ্ধ করে শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরেরও আহ্বান জানান তারা।
দেশে চলমান জঙ্গি তৎপরতা ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনার আয়োজন করে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ। এতে সম্প্রতি দুই বিদেশি হত্যা ও পুরান ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলায় জনমনে যে আতঙ্ক বিরাজ করছে সে বিষয়ে মতামত ব্যক্ত করেন বিশিষ্টজনের।
দুই শীর্ষ যুদ্ধাপরাধীর রায় কার্যকরের প্রাক্কালে দেশে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়াকে বড় ধরনের নাশকতার পূর্বাভাস বলে মনে করেন অর্থনীতিবিদ এম এম আকাশ।
দুই বিদেশি হত্যা আর দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্র হতে পরে বলেও ধারনা তার।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে তাদের দোসররা মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে সন্ত্রাস-জঙ্গিবাদের কবল থেকে দেশকে রক্ষা করতে সকলের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া ।
জামাত-বিএনপিকে জঙ্গিবাদের মমদদাতা আখ্যায়িত করে শিগগিরই জামাত-শিবির নিষিদ্ধেরও জোর দাবি জানান ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য
এ সময় জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সজাগ থাকতেও সকলের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনেরা।