আগামী একবছরের মধ্যে রাজধানীর গণপরিবহনে আরো একহাজার বাস যুক্ত হতে যাচ্ছে— জানিয়েছেন সড়ক ও সেতু পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশীয় বেসরকারি সংস্থা ইফাদ অটোস নিজস্ব কারখানায় নির্মাণ করবে এসব গাড়ি।
দেশে তৈরি এসব গাড়ি যুক্ত হলে পরিবহন সংকট অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেন সড়কমন্ত্রী।
নির্মাণকারী সংস্থার ইফাদ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ জানিয়েছেন এ উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং ক্রেতারাও সাশ্রয়ী মূল্যে গাড়ি কিনতে পারবেন।
অনুষ্ঠান শেষে পরীক্ষামূলকভাবে দুটি বাসেরও উদ্বোধন করেন সড়ক মন্ত্রী।
এসময় যাত্রীদের ভোগান্তি কমাতে ১ নভেম্বর থেকে রাজধানীতে মিটার ব্যবহার করে সিএনজি চালিত অটোরিকসা চলাচলের সিদ্ধান্তের কথা জানান তিনি। আর চট্টগ্রাম শহরে এ সিদ্ধান্ত কার্যকর হবে ১ জানুয়ারি থেকে।
প্রথমবারের মতো বেসরকারিভাবে দেশেই বাস তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। রাজধানীর গণপরিবহনের সংকট কমাতে এবং যানজট নিরসনে প্রাথমিকভাবে এক হাজার বাস তৈরি করা হচ্ছে। এসব বাসের যন্ত্রাংশ ভারতীয় প্রতিষ্ঠান অশোক লে ল্যান্ডের কাছ থেকে নিয়ে আগামী একবছরের মধ্যে দেশেই তৈরি করবে বেসরকারি সংস্থা ইফাদ অটোস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।