ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসচক্রের ১৭ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে রাজধানীর তেজগাঁও ও ধোলাইখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরে সকালে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এসএসসি, এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, ট্রান্সক্রিপ্টের মূল সনদপত্র পাওয়া যায়। তারা ভর্তিচ্ছুদের কাছ থেকে চুক্তির টাকা পাওয়ার শর্তে এসব সনদ জমা নেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এছাড়াও এ সময় মোবাইল ফোনসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পাঠানো প্রশ্নপত্রের কপিও উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ অপরাধ আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তেজগাঁও মডেল থানায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় ডিবি।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে প্রশ্নফাঁস চক্রের ১২ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
এ মধ্যে ফার্মগেট থেকে জোবায়ের নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়। এরপর জোবায়েরের তথ্য অনুযায়ী জালিয়াতি চক্রের ১২ সদস্যকে ধরতে সক্ষম হয় পুলিশ।
এ সময় ওই পরীক্ষার্থীর কাছ থেকে চক্রটি প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নেয়।