আগামী মঙ্গলবার চার দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডস যাচ্ছেন।
রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তার নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সফরে ২৫-সদস্যের সরকারি একটি প্রতিনিধি দল ও ১৯-সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল যাবে।
এ সফরে সময় মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা, তৈরি পোশাক শিল্প, কৃষি ও শিক্ষা, ব-দ্বীপ ব্যবস্থাপনাসহ পানি সম্পদ ব্যবস্থাপনা জোরদারের বিষয় গুরুত্ব পাবে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে চারটি সহযোগিতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
সফরকালে শেখ হাসিনা নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং সে দেশের রানি ম্যাক্সিমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়াও নেদারল্যান্ডস-এর শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এক সেমিনারে শেখ হাসিনার ভাষণ দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, খসড়া সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের রটারডাম বন্দর পরিদর্শনসহ নদী খনন, সমুদ্র ও নদী থেকে ভূমি পুনরুদ্ধার, ভূমি সংরক্ষণ প্রকল্প, কৃষি খামার, কৃষি পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করবেন। এছাড়াও পানি সম্পদ ব্যবস্থাপনা বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ, কৃষি ও ব-দ্বীপ ব্যবস্থাপনা নিয়ে নেদারল্যান্ডসের দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশের কাছে তুলে ধরা হবে।
পটুয়াখালীর পায়রায় বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর নির্মাণ নিয়ে নেদারল্যান্ডসের আগ্রহ রয়েছে। এবারের সফরে এ বিষয়ে কথা হবে কী না জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, নেদারল্যান্ডসের পাশাপাশি অনেক দেশ বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণ নিয়ে আগ্রহ দেখিয়েছে। এ বিষয়টি এবারের সফরে আলোচনায় আসতে পারে।
তিনি আরো বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়ানোর বিষয়টিও আলোচনায় আসবে— কারণ নেদারল্যান্ডস ইতিমধ্যেই বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়ানোর পক্ষে বিভিন্ন ফোরামে কথা বলে আসছে।